মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি অনুদানের চেক বিতরণ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চট্টগ্রামে জেলা ও খুলশী থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ইসি সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আব্দুছ সালাম।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক।
এর আগে গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার বরাবরে চিঠি দিয়ে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের টাকা বিলি ও চেক প্রদানের অভিযোগ আনেন ফুলকপি প্রতীকের প্রার্থী এম মনজুর আলম।
এই অভিযোগ তদন্তের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে পাঠান রিটার্নিং কর্মকর্তা। কমিটির তলবে মহিউদ্দিন বাচ্চু গত ২৮ ডিসেম্বর প্রতিনিধির মাধ্যমে অভিযোগের জবাব দেন। অভিযোগটি বানোয়াট বলে বাচ্চু দাবি করলেও কমিটির কাছে এ ব্যাপারে তথ্য প্রমাণ দেন মনজুর আলম। পরে কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট জামে মসজিদ, ইমাম-মুয়াজ্জিন এবং কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ারকে জিজ্ঞাসাবাদ করে কমিটি। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম ও জেলা জজ নাজমুল হোসেন প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে মোট প্রার্থী ৯ জন। এর মধ্যে প্রচার-প্রচারণায় শীর্ষে আছেন তিন প্রার্থী। তারা হলেন নৌকার মহিউদ্দিন বাচ্চু, ফুলকপি প্রতীকে এম মনজুর আলম এবং কেটলি প্রতীকে ফরিদ মাহমুদ।
ভোটের ছুটিতে বাড়ির পথে ছুট