কুড়িগ্রামে মৃদু শৈত্য প্রবাহ, নিম্ন আয়ের মানুষ বিপাকে

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:২৯ এএম

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। গতকাল শুক্রবার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যায়।

সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। এ অবস্থায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা নিম্নগামী হচ্ছে। উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রহিম মিয়া বলেন, ‘যতই শীত ও কুয়াশা হোক না কেন খড়ি নিয়ে প্রতিদিন হেঁটে শহরে আসতে হয়। কারণ বিক্রি করতে না পারলে আমার সমস্যা। বর্তমানে ঠান্ডার কারণে যাওয়া আসায় একটু কষ্ট হচ্ছে।’ কুড়িগ্রামের ধরলা ব্রিজ এলাকার অটোরিকশাচালক সুজন বলেন, ‘হাত-পা বরফ হওয়ার মতো অবস্থা।’ কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত