নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম

নির্বাচনকে ‘ডামি’ ও ‘প্রহসনের নির্বাচন’ উল্লেখ করে বর্জনের আহ্বান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা নির্বাচন বর্জন ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানান।

আজ শনিবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে থেকে শাহবাগে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্রতীকী ব্যালটবক্স রাখেন। ব্যালটে দলীয়, বিরোধী, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীর প্রত্যকের প্রতীকীই নৌকা দেখানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ভোটচোর ভোটচোর, শেখ হাসিনা শেখ হাসিনা; ঢাকা বিশ্ববিদ্যালয় দিচ্ছে ডাক, ফ্যাসিবাদ নিপাত যাক; টু জিরো টু ফোর, ফ্যাসিস্ট নো মোর; মাফিয়াদের নির্বাচন, মানবে না জনগণ; বয়কট ডামি নির্বাচন; তাহাজ্জুতের আওলিয়া, দেশ করলো দেওলিয়া; সারা বাংলায় খবর দে, ফ্যাসিবাদের কবর দে; ৭ তারিখ সারা দিন, প্রিয়জনকে সময় দিন ইত্যাদি প্ল্যাকার্ড হাতে নিয়ে মৌন অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।

মানববন্ধনে ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বলেন, ‘আজকে দেশে নিজেদের অস্তিত্ব রেখে কথা বলাই অনেক কষ্টকর। এখানে আজকে আমরা কথা বলতে পারছি এটা অনেক বড় বিষয় যা অন্য অঞ্চলের মানুষ পারছে না। আমরা এখানে প্রোগ্রাম করছি, ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক হাকিয়ে যাচ্ছে, আমাদের ছবি তুলে ভয় দেখানোর চেষ্টা করছে। তারা বুঝাতে চাচ্ছে ‘তোমাদের লিস্ট করা হচ্ছে, মিছিল শেষে দেখে নেবো’। আমরাও বলতে চাই, আমাদের কাছেও আপনাদের লিস্ট রয়েছে। গত ১৫ বছরে আমাদের উপর যেভাবে হামলা করা হয়েছে তাদের সবার লিস্ট করা আছে। তোমরাও সহজে ছাড় পাবে না।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আপনাকে বলতে চাই, আজকে ৩০০ আসনে একটা প্রার্থী দেখান যেখানে আপনার বিরুদ্ধে জনগণ অন্তত ‘না’ ভোট দিতে পারবে? সবাই আওয়ামী লীগের প্রার্থী, তবে কেউ দলীয়, কেউ বিদ্রোহী, স্বতন্ত্র বা ডামি প্রার্থী হিসেবে নির্বাচন করছে। এই সরকার আমাদের বোকা ভেবে এভাবে নির্বাচন চালিয়ে যাচ্ছে। আমরা আগামীকাল কেউ ভোটকেন্দ্রে যাব না সকলের কাছে এই প্রত্যাশা রাখি এবং সবাইকে আগামীকালের নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি।’

মানববন্ধনে ছাত্রশক্তির ঢাবি আহ্বায়ক আসিফ মাহমুদ বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও বাংলাদেশের কোনো দলীয় সরকার সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারিনি। সর্বশেষ ২০০৮ সালে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছিল। তখন ভোটার ছিল ৮ কোটি যা বর্তমানে ১২ কোটি। তার মানে নতুন এই ৪ কোটি ভোটার নিজেদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করতে পারেনি। বর্তমানে এই সরকার লুটতরাজের সরকার হিসেবে খেতাব পেয়েছে। আমরা বলতে চাই, এই সরকারকে অতি দ্রুত ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়া খুজে বের করতে হবে৷ আগামীকালের একপাক্ষিক ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে দেশবাসী যে কলঙ্কের স্বাক্ষী হতে যাচ্ছে তাকে আমরা ‘লাল কার্ড’ দেখাই।’

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মিশকাত তানিশা, ১৯-২০ সেশনের শিক্ষার্থী মোজাম্মেল হক, গণতান্ত্রিক ছাত্রজোটের পক্ষে সাজিদুল ইসলাম, ছাত্র মৈত্রীর পক্ষে জাবের আহমেদ জুয়েল প্রমুখ বক্তব্য প্রদান করেন। এছাড়াও মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত