দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬, ৭ ও ৮ জানুয়ারি সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। সে কারণে এই পর্যটক শূন্য দ্বীপটি। তবে কক্সবাজারের অন্যান্য পর্যটন স্পটের বিষয়ে কোনো ধরণের প্রশাসনিক নির্দেশনা না থাকলেও শনিবার থেকে সমুদ্র নগরীতে তেমন পর্যটক নেই।
জেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে সোমবার পর্যন্ত সেন্টমার্টিনে বহিরাগত প্রবেশ রোধে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। তবে কক্সবাজার সমুদ্র সৈকত, হিমছড়ি ও ইনানীসহ অন্যান্য পর্যটক স্পটগুলোর আশপাশে তেমন ভোটকেন্দ্র না থাকায় এসব এলাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার বিকেলের জাহাজেই সেন্টমার্টিন ত্যাগ করেছেন পর্যটকরা। এখন সেখানে কোনো পর্যটক নেই।
এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে শুক্রবার বিকেলে সকল পর্যটক দ্বীপ ছেড়ে গেছেন। এর পর থেকে এখানের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। বর্তমান দ্বীপে স্থানীয় বাসিন্দাদের পাশপাশি নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা অবস্থান করছেন।
শনিবার সন্ধ্যার পরে কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনে গিয়ে দেখা যায়, বেশিরভাগ রেস্তোরা বন্ধ থাকলেও প্রায় সবগুলো হোটেল খোলা। তবে তেমন পর্যটক নেই। সমুদ্র সৈকতও ফাঁকা। আশপাশে দোকানপাট খোলা থাকলে ক্রেতার অভাবে অলস সময় পার করছেন বিক্রেতারা।
কক্সবাজারের ঝিনুক বিক্রেতা মো. শাহালম বলেন, জানুয়ারির ৪ তারিখের পর থেকেই পর্যটক কমে গেছে। শুক্রবারও কিছু ছিল। আজ একদম নেই।
কক্সবাজার হোটেল মোটেল ও রেস্তোরা ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র কলিম উল্লাহ বলেন, রাত পোহালেই নির্বাচন। তাই টানা বন্ধেও কক্সবাজার তেমন পর্যটক নেই। কোনো কোনো হোটেল দুই একটি কক্ষ ভাড়া হয়েছে শুধু। তবে বেশিরভাগ হোটেলই খালি।
শনিবার সন্ধ্যায় গ্রীন লাইন পরিবহনের কক্সবাজারের ম্যানেজার বলেন, প্রতিদিন ঢাকা কক্সবাজার রুটে আমাদের কমপক্ষে ১০০টি গাড়ি চলাচল করে। এর বিপরীতে শুক্রবার রাতে ঢাকা থেকে মাত্র চারটি গাড়ি ছেড়ে এসেছে। ওই গাড়িতে বেশি হলে ৯০ জন প্যাসেঞ্জার হবে। তবে বেশিরভাগই কক্সবাজারের স্থানীয়। এ ছাড়া শনিবার আমাদের কাউন্টার খোলা ছিল। সকালে একটি গাড়ি ছাড়তে পারলেও এখন যাত্রীর অভাবে গাড়ি ছাড়তে পারছি না। রবিবারের কোনো ধরনের বুকিং হয়নি।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ৬, ৭ ও ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচলও বন্ধ থাকবে। এ ছাড়াও সেন্টমার্টিনে পর্যটকদের আসা-যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
