সাদিককে দোষারোপ করে সংবাদ সম্মেলন নৌকার শামীমের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:২২ এএম

সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাহউদ্দিন রিপনের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। আসনের নৌকার প্রার্থী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের ২০ থেকে ৩০ জন অনুসারী এ হামলা চালিয়েছে বলে দাবি রিপনের। গত শুক্রবার রাতে এ ভাঙচুরের পর গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থীর প্রতি দোষের আঙুল তোলেন স্বতন্ত্রের রিপন।

কিন্তু গতকাল শনিবার বিকেল ৩টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলন করে নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম ওই দোষ ঢেলে দেন প্রার্থিতা বাতিল হওয়া সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দিকে।

সংবাদ সম্মেলনে জাহিদ ফারুক শামীম বলেন, আমি মনোনয়ন পাওয়ার পর অনেক স্বতন্ত্র প্রার্থী ছিল। চলতি মাসের ২ তারিখ পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। এরপরে একজন স্বতন্ত্র প্রার্থী (সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ) যখন কনটেক্সট ভুল করায় তার প্রার্থিতা পরিপূর্ণভাবে বাতিল হয়ে যায়, তখনই কিন্তু সমস্যা শুরু হলো। এরপর ওই স্বতন্ত্র প্রার্থী ট্রাকে ভর করে। তারপরেই তারা মারমুখী হয়েছে। ট্রাকের প্রার্থী কিন্তু প্রথম থেকেই শালীনতা বজায় রেখে নির্বাচনী প্রচারণা করছিলেন। পরে তাকে প্ররোচনা করা হয়েছে বিভিন্নভাবে। তাকে সামনে রেখে মারমুখী পদক্ষেপ গ্রহণ করেছে তারা (সাদিক অনুসারীরা)।

সালাহউদ্দিন রিপনের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও তার অনুসারী আগেও যারা বরিশালে সন্ত্রাসী কর্মকা- করেছে, নগরীতে চাঁদাবাজি করেছে তারা এবং তার সাঙ্গপাঙ্গরা সূক্ষ্মভাবে বুদ্ধি খাটিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত