চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের চিববাড়ী রোডে গতকাল শনিবার বিকেলে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) নামের এক ব্যক্তিকে একটি ব্যাগসহ আটক করা হয়। ওই ব্যাগ তল্লাশি করে ৫ লাখ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, চট্টগ্রাম-১৫ ( সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের ঈগল প্রতীকের পক্ষে ভোটারদের বিতরণের উদ্দেশে সে এই টাকা নিয়ে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ঘুষ দেওয়ার প্রস্তাব করেন।
এরপর তার বিরুদ্ধে নির্বাচনে ঘুষ প্রদানের চেষ্টার অভিযোগে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় অভিযোগ গঠন করা হয়। অভিযোগ স্বীকার করায় অভিযুক্ত মঈনুল ইসলাম চৌধুরীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা ৫ লাখ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। আরাফাত সিদ্দিকী বলেন, ‘সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করলে তার কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করি। সেখানে আমরা ৫ লাখ টাকা উদ্ধার করি। তিনি (মঈনুল) বলেন এ টাকা ঈগল প্রার্থীর পক্ষে বিতরণের জন্য নিয়ে যাচ্ছে। আমি ঈগলের প্রার্থী এম এ মোতালেবকে ফোন করলে তিনি বিষয়টি সম্পূর্ন অস্বীকার করেন এবং তাকে (মঈনুল) চিনেন না বলেন। পরে সে আমাকে টাকাটা ঘুষ হিসেবে দিতে চাইলে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
