চট্টগ্রামের পটিয়ায় নৌকার পক্ষে কাজ করায় মো. রায়হান পারভেজ নাঈম নামের এক তরুণকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে। আহত নাঈম উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন গ্রামের মো. শফির ছেলে।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরণখাইন গ্রামে ঢুকে তার উপর অতর্কিতভাবে হামলা করা হয়। আহত নাঈমকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রবিবার অনুষ্ঠিত নির্বাচনে পটিয়ায় নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর পক্ষে নির্বাচনে কাজ করেন নাঈম। এই কারণে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থক পারভীন আকতারের নেতৃত্বে হামলা করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার কারণে তার এলাকায় একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।
