সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি করেছে বাংলাদেশ। গতকাল সোমবার সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।
চুক্তি অনুষ্ঠানে ছিলেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত। বাংলাদেশ প্রতিনিধিদলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারসহ হজসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আগে এক বৈঠকে সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থে এবং বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হজ এজেন্সির সংখ্যা না কমিয়ে অন্যান্য বছরের মতো সব এজেন্সিকে রেখে হজ কার্যক্রম পরিচালনার জন্য সৌদি উপমন্ত্রীকে জোরালো অনুরোধ করেন হাব সভাপতি।
এ ছাড়া হজযাত্রীদের লাগেজ পরিবহন ও ব্যবস্থাপনার উন্নয়ন, মিনা আরাফায় তাঁবু ব্যবস্থাপনার উন্নয়ন ও হজের ১০ দিন আগে এজেন্সিকে তাঁবু বুঝিয়ে দেওয়ার ব্যাপারে হাব সভাপতি অনুরোধ করেন। সভায় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় এবং হজযাত্রীদের সুযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠক শেষে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়।
