৪৪ ভোট পেলেন পরিচ্ছন্নতাকর্মী রোকেয়া

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:২২ পিএম

ময়মনসিংহ-১ আসনে প্রার্থী হয়ে আলোচনায় আসা পরিচ্ছন্নতাকর্মী মোছাম্মৎ রোকেয়া বেগম ৪৪ ভোট পেয়েছেন। রবিবার (০৭ জানুয়ারি) হালুয়াঘাট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবিদুর রহমান ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়।

তিনি বাংলাদেশ মুক্তিজোটের হয়ে হাতের ছড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেন। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৫৩। রোকেয়া বেগম পেয়েছেন ৪৪ ভোট। এর মধ্যে ধোবাউড়া উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্রে পেয়েছেন ১৩ ভোট এবং হালুয়াঘাট উপজেলার ৯৪টি কেন্দ্র হতে তিনি পেয়েছেন ৩১ ভোট। সে হিসাবে রোকয়া জামানতও হারিয়েছেন।

এই আসনে সাতজন প্রার্থী ছিলেন। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম ৯৩ হাজার ৫৩১ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি জুয়েল আরেং পেয়েছেন ৭৩ হাজার ৮৫২ ভোট। রোকেয়া ছাড়াও এই আসনে জাতীয় পার্টির কাজল চন্দ্র মহন্ত (লাঙ্গল) পেয়েছেন ৪৬৭ ভোট, তৃণমূল বিএনপির মার্শাল মালেশ চিরান ২৭৫, ইসলামি ঐক্যজোটের মাহবুবুর রহমান ৩৫৮, বাংলাদেশ মুসলিম লীগের মুকলেছুর রহমান (হাতপাঞ্জা) ২২১ পেয়ে জামানত হারিয়েছেন।

আসনটি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত। দুই উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮৫২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত