জাতীয় পার্টির নির্বাচিতদের শপথ না করতে বললেন পরাজিতরা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর ৩ সদর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর সাথে রংপুর বিভাগের পরাজিত এমপি প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাইভিউ বাসার সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পরাজিত সকল এমপি প্রার্থী পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। তাদের সকলের বক্তব্যে একটি বিষয় উঠে আসে তা হলো, জাতীয় পার্টিকে সু-সংগঠিত রাখার স্বার্থে যারা নির্বাচিত হয়েছেন তারা যেন শপথ গ্রহণ না করেন। জিএম কাদের সকলের বক্তব্য শুনেন। পরে তিনি সন্ধ্যা সোয়া ৬টার দিকে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কোন কথা না বলে বাসার ভেতরে ঢুকে যান। এর আগে বিকাল ৩টায় শুরু হওয়া বৈঠকে পরাজিত প্রার্থীদের বক্তব্যের ভিডিও ফুটেজ বা সাংবাদিকদের সেই তথ্য নিতে দেওয়া হয়নি। তবে সার্বিক বিষয়ে অন্যান্য নেতাকর্মীরাও কথা বলতে রাজি হননি। এসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, জেলা কমিটির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়াসহ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত