নাইজারের জান্তা বাজুমের ছেলেকে মুক্তি দিল

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০১:২৪ এএম

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের ছেলে সালেম বাজুম গৃহবন্দিত্ব থেকে সাময়িকভাবে মুক্তি পাচ্ছেন। গত সোমবার রাজধানী নিয়ামিতে অবস্থিত সামরিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়। গত বছর জুলাইয়ে সামরিক অভ্যুত্থানের পর থেকে পরিবারের সঙ্গে ২২ বছর বয়সী সালেম গৃহবন্দি রয়েছেন।

২০২০ সালের পর থেকে মধ্য ও পশ্চিম আফ্রিকায় আটটি দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে যার মধ্যে নাইজার অন্যতম। ক্যু ঘটার পর পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ‘ইকোওয়াস’ বাজুমসহ তার পরিবারের সদস্যদের মুক্তির পাশাপাশি গণতন্ত্র ফেরানোর জন্য হুঁশিয়ারি দিলেও তা কার্যকর হয়নি। শেষমেশ বাজুমের ছেলে মুক্তি পাচ্ছেন। তবে পরিবারের বাকিদের অবস্থা নিয়ে সামরিক ট্রাইব্যুনাল কোনো মন্তব্য করেনি।

একটি সূত্র জানিয়েছে, সালেম বাজুম গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়ে গত সোমবার সন্ধ্যায় নিয়ামি থেকে টোগোর রাজধানী লোম শহরে পৌঁছেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত