প্রধানমন্ত্রীকে জাপান সৌদিসহ ১৯ দেশের দূতদের অভিনন্দন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০২:১৬ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন দেশের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতরা। গতকাল মঙ্গলবার তারা গণভবনে গিয়ে স্ব-স্ব দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় রাষ্ট্রদূতরা তাদের দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অভিনন্দন বার্তা শেখ হাসিনাকে পৌঁছে দেন।

রাষ্ট্রদূতদের মধ্যে ছিলেন-জাপান, সৌদি আরব, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিসর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, পাকিস্তান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ (উপসচিব) এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রদূতরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন সংক্রান্ত দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিভিন্নবিষয় নিয়ে মতবিনিময় করেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলে প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস জানান।

সহকারী প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী গণভবনে আসা রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের জনগণ ও সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা দেওয়ার জন্য এসব বন্ধু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদেরও আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় আগামী দিনগুলোতেও বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনে বিজয়ে এর আগে সোমবার শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীন, ভারত, রাশিয়াসহ সাত দেশের দূতরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত