টেকনাফ থেকে ইয়াবার এনে ঢাকায় সরবরাহ করতো তারা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতদের নাম মো. নুরুল আমিন ও মো. ইসমাইল। এসময় তাদের হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম। আজ বুধবার ডিএমপির গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।

গোয়েন্দা তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় পিকআপে করে মাদক বিক্রির জন্য নিয়ে আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত