ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা ভোটারদের ধন্যবাদ জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। এসময় নির্বাচন বর্জন করা ভোটারদের ‘দেশপ্রেমিক’ বলে আখ্যায়িত করেছেন নেতাকর্মীরা।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। তারা নিউমার্কেটের ১নং গেট থেকে শুরু হয়ে ঢাবির শাহনেওয়াজ হল, কুয়েত-মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজকল্যাণ ইন্সটিটিউট, বিডিআর-৩ নং গেটে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশে কোন নির্বাচন হয়নি, বরং নির্বাচনের নামে ‘বানরের পিঠা ভাগবাটোয়ারা’র আয়োজন করা হয়েছিল। এই নির্বাচন দেশবাসি বর্জন করেছে। এজন্য ভোটারদের আমরা ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ্ অতীতের ন্যায় আগামীতেও রাজপথের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এই নব্য বাকশালী স্বৈরাচারকে কবরস্থ করা হবে।

লিফলেট বিতরণকালে- ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ১নং সহ-সভাপতি মো. হাসান, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মো. মাসুম বিল্লাহ, মাছুম বিল্লাহ, রাজু আহমেদ, শফিকুল ইসলাম, মাহবুব আলম শাহিন, এ এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান হায়াত, বিজয় একাত্তর হলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন পলাশসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত