আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকার প্রাক-প্রাথমিক শিশু শিক্ষার্থীদের স্কুলে প্রথম আগমনকে নবমাত্রা দিয়েছে সুন্দর ওরিয়েন্টেশন অনুষ্ঠান। শিশুরাই আগামীর কাণ্ডাারি; দেশের পরিচালক। তাদের স্কুলে পদার্পণ একটি স্বপ্নের পথে অভিযাত্রার শুভসূচনা। শিশুদের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আয়োজন করে সাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের।
শীতের সকালে কুয়াশাভেদ করা সূর্যের মতোই শিশুদের উদ্ভাস ঘটেছে তাদের প্রিয় ক্যাম্পাসে। শিশুরা মাথায় পরিধান করেছে মুকুট, বেলুন বাঁশিতে ফুঁ দিয়ে প্রাণের উচ্ছ্বাস আর কলরবে প্রতিষ্ঠান চত্বরে তারা করেছে আনন্দর্যালি। সুসজ্জিত শ্রেণিকক্ষে তাদের বরণ করা হয় ফুল দিয়ে। শিক্ষকদের হাত থেকে চকলেট আর উপহার পেয়ে শিশুদের মনে ছিল অপার আনন্দ।
আনন্দর্যালিতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানটির সমন্বয়কারী ছিলেন উপাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম। শ্রেণি সজ্জিতকরণসহ শিশুদের আনন্দদানের এই আয়োজনে তত্ত্বাবধান করেন সহকারী শিক্ষক শাম্মী আক্তার ও তার দল। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই আনন্দময় ওরিয়েন্টেশন প্রোগ্রাম বাস্তবায়ন হয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত ডিআইজি মো. আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায়।
