নওফেলের ডাবল জাম্প!

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০১:৩৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও চট্টলবীর খ্যাত এবিএম মহিউদ্দীন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নতুন মন্ত্রীসভায় একসঙ্গে ডাবল লাফ দিয়েছেন দিয়েছেন তরুণ এই নেতা। নওফেল শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী না হয়ে সরাসরি পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশের রাজনীতিতে নিকট অতীতে উপমন্ত্রী থেকে সরাসরি পূর্ণ মন্ত্রীর দায়িত্বে যেতে কাউকে দেখা যায়নি।

তার সঙ্গে উপমন্ত্রীর দায়িত্ব পালন করা পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার নতুন মন্ত্রীসভায় জায়গা না পেলেও নওফেল পেয়েছেন পদোন্নতি।

সবশেষ মন্ত্রী সভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জুনাইদ আহমেদ ও খালিদ মাহমুদ চৌধুরী নতুন মন্ত্রীসভায়ও প্রতিমন্ত্রীই থেকে গেছেন। কিন্ত ব্যতিক্রম ঘটেছে কেবল মহিউদ্দিন পুত্র নওফেলের ভাগ্যে।

মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত