পূবালী ব্যাংক কুষ্টিয়ার কুমারখালী শাখার সিনিয়র অফিসার রাজিব আহমেদ (৪০) নিখোঁজের ১৮ দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধারে পুলিশের অবহেলা ও রহস্যজনক ভূমিকার প্রতিবাদ এবং ওই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার।
গতকাল বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ভবনের সামনে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে এই মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দেন পরিবারের সদস্যরা।
এ সময় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার স্ত্রী রায়হানা পারভিন (৩০) অভিযোগ করেন, ‘গত ২২ ডিসেম্বর তার সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে কুমারখালী থানায় জিডি করতে গেলে প্রথমে পুলিশ আমার জিডিটাও নিতে চায়নি। আমি পীড়াপীড়ি করায় অবশেষে ২৩ ডিসেম্বর পুলিশ আমার জিডি গ্রহণ করে। এরপর থেকে আমরা পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রাখলেও পুলিশের পক্ষ থেকে কোনোরূপ সন্তোষজনক আচরণ বা দায়িত্ব পালন করতে দেখছি না। এখনো আমার স্বামী রাজিব আহমেদকে খোঁজার বিষয়ে পুলিশ চরম অবহেলা ও রহস্যজনক আচরণ করছে। আমি অবিলম্বে আমার স্বামীর সন্ধান চাই।’
তবে পুলিশের অবহেলার অভিযোগ নাকচ করে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, ‘নিখোঁজ ব্যাংক কর্মকর্তা রাজিব আহমেদের সন্ধান বের করতে পুলিশ সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
