ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ শুরু করেছে।
গতকাল বুধবার দুপুরে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকারসহ তদন্ত-সংশ্লিষ্টরা প্রায় ৩ ঘণ্টা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করেন। এর আগে ঘটনার দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
কমিটির অন্য সদস্যরা হলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক, বয়লার পরিদর্শক ও কলকারখানা পরিদর্শক।
গত ৪ জানুয়ারি সকালে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় ব্যবসায়ী সাইদুর রহমানের রাইস মিলের বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই ওই এলাকার সাগর দাসের স্ত্রী দীপ্তি রানী (৪০), মেয়ে পূজা দাস (৮) এবং ভাতিজা পলক দাস (৯) নিহত হয়। এ সময় আহত হয় সাগর দাস ও নিখিল রায়। তারা সবাই তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিলেন।
