কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে রাতভর পৈশাচিক নির্যাতন, হত্যা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাতভর পৈশাচিক নির্যাতন চালিয়ে রাসেল (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

অভিযোগ উঠেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন রাব্বির নেতৃত্বে তার অফিসে মঙ্গলবার সারারাত ১৫/২০ জন রাসেলের ওপর নির্যাতন চালায়। বুধবার ভোরে স্বজনরা রাব্বির অফিস থেকে অচেতন অবস্থায় রাসেলকে মিটফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, রাব্বির পক্ষে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করতেন রাসেল। চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে রাব্বি রাসেলকে সন্দেহ করে। যার জের ধরে মঙ্গলবার রাতে তেলঘাট এলাকার পারভীন টাওয়ারের নিচতলায় রাব্বির অফিসে ডেকে আনা হয় রাসেলকে। সেখানে সবাই মিলে মদ পান করে। এরপর রাব্বির নেতৃত্বে রাসেলের ওপর শুরু হয় অমানুষিক নির্যাতন। চলে রাতভর।

রাসেলের ওপর নির্যাতনের বেশ কিছু ভিডিও ফুটেছ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাসেলের পরনে কোনো জামা নাই। খালি গায়ে থাকা রাসেলকে কয়েকজন টানাহেঁচড়া করছে। প্রচণ্ড মারে আধমরা অবস্থায় রাসেল রাব্বিকে বলছে, 'আব্বা আব্বা, রাব্বি আব্বা আমাকে বাঁচান।'

অপর একটি ভিডিওতে দেখা যায়, অচেতন অবস্থায় বসিয়ে রাখা হয়েছে রাসেলকে। একজন তাকে গালিগালাজ করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, মেঝেতে নিথর দেহ রাসেলের। নাক দিয়ে রক্ত ঝরছে। কেউ একজন সেটা মুছে দিচ্ছে।

স্থানীয়রা জানান, রাব্বির বাবা শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি বাসের উদ্দিন। তিনি শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের ভাতিজা। বছরখানেক আগে বাবা ও চাচার প্রভাব খাটিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদ ভাগিয়ে নেন। পদ পাওয়ার পর বিশাল বাহিনী নিয়ে চলাফেরা শুরু করেন রাব্বি। তার বাহিনীর লোকজন স্থানীয় বিচার-সালিশ থেকে শুরু করে বিভিন্ন দোকানদার ও রাস্তাঘাট থেকে চাঁদা আদায় করে থাকে।

রাব্বির অফিসে নিয়মিত বসানো হয় নেশার আসর। নিহত রাসেল রাব্বির পক্ষে চাঁদা আদায়ের কাজ করতেন। তিনি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর গ্রামের তোফাজ্জল হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানসহ পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এদিকে রাসেলকে হত্যার ঘটনায় বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রাসেলের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় রাব্বিসহ ১৩ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে কথা বলার জন্য আফতাব হোসেন রাব্বির অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি, তার ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত