ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার নয়াদিল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় মধু শীল (৫৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া রেলপথ এলাকায় এঘটনা ঘটে। নিহত মধু শীল গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া এলাকার মৃত্যু হরি সাধন শীলের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মধু শীল কানে কম শুনতেন এবং ঘন কুয়াশার কারণে ট্রেন দেখতে পাননি। হেঁটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।
এলাকাবাসী জানায়, মধু শীল সকালে জমিতে কাজ করার জন্য গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া রেলপথ পার হচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশা ও কানে কম শোনে বলে ট্রেন দেখতে ও ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া নেওয়ার পথে মারা যায় তিনি।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
