আবারও পশ্চিমবঙ্গের নাম পাল্টাতে মোদিকে চিঠি

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:১৬ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো চিঠিতে পশ্চিমবঙ্গের নাম পাল্টে ‘বাংলা’ রাখার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী এই দাবি জানান। এ ছাড়াও একই চিঠিতে তিনি বাংলা ভাষাকে ‘ধ্রুপদী ভাষা’র মর্যাদা দেওয়ার কথা বলেন।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা উল্লেখ করেন, ‘বর্তমান নামটি (ওয়েস্ট বেঙ্গল) ‘ডব্লিউ’ দিয়ে শুরু হয়। নাম বদলে ‘বাংলা’ করা হলে বিভিন্ন জায়গায় আমাদের ছেলেমেয়েদের সুবিধা হবে। কাজের জন্য বেশি অপেক্ষা করতে হবে না। কেন্দ্রকে অনেক বার এই আর্জি জানিয়েছি। যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আবার বলছি।’

তিনি যুক্তি দিয়ে বলেন, ‘যদি ভারত ও পাকিস্তান উভয় দেশে পাঞ্জাব নামে রাজ্য থাকতে পারে, তাহলে বাংলাদেশ নামে একটি দেশ ও বাংলা নামে একটি রাজ্যের অস্তিত্বও অসম্ভব নয়।’

পরবর্তীতে কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ রাখার দীর্ঘদিনের দাবি মেনে না নেওয়ায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, আমরা ‘অ্যাসেম্বলিতে (রাজ্যের নাম বদলে বাংলা রাখার) প্রস্তাবটি দুই বার পাস করেছি। কিন্তু এখনও আমরা এই নাম পাইনি। যদি বোম্বের নাম বদলে মুম্বাই, ওড়িশা যদি ওডিসা হতে পারে, তাহলে কেন আমরা নতুন নাম পাব না?’

মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের ইংরেজি নামের বানান শেষের দিকের বর্ণ ডব্লিউ দিয়ে শুরু হওয়ায় অন্য রাজ্যের প্রতিনিধি আছেন এমন বৈঠকে কথা বলার সুযোগ পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।’ উল্লেখ্য, এ ধরনের বৈঠকে ইংরেজি বর্ণানুক্রমে কথা বলার সুযোগ পান রাজ্য প্রতিনিধিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত