সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১১:২৪ পিএম

ভোলার বোরহানউদ্দিনে সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় সজিব (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় ঝিনুক নামে তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার দেউলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে ৷ নিহত সজিব একই এলাকার বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃত ঝিনুক উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা

নিহতের বড় ভাই রাকিব ও ফুফাতো ভাই আশিক জানায়, ওই দিন বিকালে আশিক, নুরনবী ও জিহাদ একসঙ্গে আড্ডা দিচ্ছিল ও ধুমপান করছিল ৷  এসময় তাদের সামনে দিয়ে পাশ্র্ববর্তী এলাকার রায়হান ও তার বোন ঝিনুক হেটে যাওয়ার সময় তাদের দিকে সিগারেটের ধোঁয়া যায় ৷ এনিয়ে তাদের সঙ্গে তর্কাতর্কি হয় ৷ এক পর্যায়ে হাতাহাতি হয় ৷ এবং যে যার মতো করে বাড়ি চলে যায় ৷ পরে ঘটনাটি ওই এলাকার লোকমানকে জানায় তারা ৷ লোকমান সজিবকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়হানদের বাড়িতে যায় ৷ এসময় রায়হান, তার ভাই ইয়ামিন, হাসান, জিহাদ ও ঝিনুকসহ ১০-১২ জন তাদের উপর হামলা করে ৷ এতে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয় এবং লোকমানকে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান ৷ পরে অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে৷

তার ভাই আরও জানান, সজিব ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন ৷ ভোটের দুইদিন আগে দেশে এসেছে ৷ শুক্রবার তার ঢাকায় ফিরে যাবার কথা ছিল ৷

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত