স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেয়ে খুশি মেহেরপুরবাসী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৬:১৯ এএম

জনপ্রশাসন মন্ত্রীত্ব পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে মেহেরপুর। মেহেরপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন সরকারের গুরুত্বপূর্ণ জনপ্রশাসন প্রতিমন্ত্রী থেকে এবার পূর্ণ মন্ত্রীত্ব পেয়েছেন। স্বাধীনতা পরবর্তী ঐতিহাসিক মুজিবনগর সরকারের মেহেরপুর থেকে এবারই প্রথম কেউ পূর্ণ মন্ত্রীত্ব পেল। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যা থেকে শুরু করে গতকাল শুক্রবার সারাদিন মেহেরপুরে খ- খ- আনন্দ মিছিল হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা নেচে গেয়ে, উচ্চশব্দে গান বাজিয়ে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উদযাপন করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে অভিনন্দন জানিয়ে কিংবা শুকরিয়া জানিয়ে পোস্ট করছেন।

জানা যায়, গত বুধবার রাতেই ফরহাদ হোসেনের পূর্ণ মন্ত্রীত্ব পাওয়ার খবর পৌঁছলে মেহেরপুরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টিমুখ, উল্লাস, ভুরিভোজ, রাস্তায় গাড়ির হর্ণ বা ভেঁপু বাজিয়ে আনন্দ প্রকাশ করে মানুষজন। তবে কোন মন্ত্রণালয় পাবে এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ছিল নানা জল্পনাকল্পনা। শেষে সরকারের অতীব গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ঘোষণার পর আনন্দে ফেটে পড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। মেহেরপুরের বিখ্যাত মিষ্টির দোকানগুলোতে মিষ্টি নিমিষেই ফুরিয়ে যায়। ঐতিহ্যবাহী বাসুদেব গ্র্যান্ড সন্স এর স্বত্বাধিকারী বিকাশ চন্দ্র তেঁতুল জানান, শুক্রবার দুপুর না পেরুতেই দোকানের দুই মন মিষ্টি শেষ হয়ে যায়। গিয়াস মিষ্টান্ন ভা-ারের স্বত্বাধিকার শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ১৩ মন মিষ্টি বিক্রি হয়েছে।

মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম খোকন বলেন, ‘দেশের রাষ্ট্রপ্রধান গোপালগঞ্জ থেকে নির্বাচিত শেখ হাসিনা। সেই রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের প্রধান হলেন মুজিবনগর মেহেরপুর-১ থেকে নির্বাচিত ফরহাদ হোসেন। স্বাধীনতার সুতিকাগার ঐতিহাসিক মুজিবনগর কেন্দ্রিক মেহেরপুর। কিন্তু দলীয় সঙ্কীর্ণতার শিকার হয়ে এতদিন মেহেরপুর অবহেলিত ছিল। এই সরকার মুজিবনগরকে তার যথার্থ মূল্যায়ন দিয়েছে।’

মেহেরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘স্বাধীনতা, স্বাধীকার, ভাষা, গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস সমৃদ্ধ ২০০ বছরের পুরনো অঞ্চল মেহেরপুর। এবারই প্রথম আমরা মন্ত্রীত্ব পাওয়ায় শিল্পী, কবি, সাহিত্যিক, সুশীল সমাজ খুশি। এবার এই জেলায় সাংস্কৃতিক ডোম গড়ে তোলা হলে এই জেলার হারানো শিল্প সাহিত্য কৃষ্টি, ঐতিহ্য আবার সমৃদ্ধ হয়ে উঠবে।’

জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি পল্লব ভট্টাচার্য্য বলেন, ‘সরকার মেহেরপুরকে পূর্ণ মন্ত্রীত্ব দেওয়ায় আজ মেহেরপুরের প্রতিটি পেশাজীবী সেক্টর ঐক্যবদ্ধ হয়ে মেহেরপুরকে এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এবার মুক্তিযুদ্ধের চেতনায় আরও গতিশীল হবে প্রশাসন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত