মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম

মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আজ শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচাল লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে পরিচালকে এবং সদস্য সচিব হিসেবে আছেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।

শুক্রবার রাতে এফডিসি ঘেঁষা মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এই বস্তির বয়স ২৫/৩০ বছর। এখানে বর্তমানে অন্তত সাড়ে তিনশ থেকে চারশর মত ঘর আছে। প্রতিটি ঘর ৮ ফিট বাই ১০ ফিটের মত। প্রতিটি ঘরের ভাড়া ছিল সাড়ে ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা। ভয়াবহ এই আগুন থেকে বেশিরভাগ বস্তিবাসী পরনের কাপড় ছাড়া জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারেননি। 

মোল্লাবাড়ি বস্তিতে আগুনটি কোনো দুর্ঘটনা না কি নাশকতা সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, আমরা এখানে যতটুকু দেখেছি যে অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কারণ সেটা নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস হয়তো সেটির তদন্ত সাপেক্ষে তাদের প্রতিবেদন দিতে পারে। তারা তদন্ত করবে। তদন্ত করে বলতে পারা যাবে এটা দুর্ঘটনা না কি নাশকতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত