গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা প্রদানসহ ছয় দফা দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে শ্রমিকরা বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বে-ইকোনমিক জোনে অবস্থিত মেইগো বাংলাদেশ লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের গত বৃহস্পতিবার বেতন দেওয়া হয়। কিন্তু অল্পকিছু শ্রমিকদের সরকার নির্ধারিত বেতন ১২ হাজার ৫০০ টাকা দেওয়া হলেও বেশিরভাগ শ্রমিকদের সেই বেতন দেওয়া হয়নি। গতকাল শনিবার সকালে শ্রমিকরা যথারীতি কাজে প্রবেশ করেন। পরে সকাল ৮টার দিকে কাজ বন্ধ করে শ্রমিকরা সরকার নির্ধারিত বেতনসহ ৬ দফা দাবি জানান। চার শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সকাল পৌনে ১০টার দিকে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
কারখানা শ্রমিক সফিকুল ইসলাম জানান, সরকার সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা করে দিয়েছে। কিন্তু তাদের কারখানা কর্তৃপক্ষ সেই বেতন সবাইকে দিচ্ছে না। একেকজনকে একেক ধরনের কথা বলে সেই বেতন দিতে গড়িমসি করছে। এ ছাড়া অতিরিক্ত কাজ করাচ্ছে, কিন্তু ওভার টামের টাকা দিচ্ছে না।
ওই কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. খালিদ হাসান জানান, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে, কিন্তু তাদের মন মতো হয়নি। শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি জিয়াউল ইসলাম জানান, সকালে বে-ইকোনমিক জোনের সামনে শতাধিক শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
