ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে একটা সময়ে নিউক্যাসলের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। পাঁচ মাস চোটের কারণে মাঠের বাইরে থাকা ডি ব্রুইন আগের মতো এই ম্যাচেও বদলি হিসেবে নামেন। ৬৯ মিনিটে মাঠে নেমে একটি গোল করেন। আরেক গোলে সহায়তা করেন। তাতে ৩-২ গোলে ম্যাচ জেতে সিটিজেনরা।
ম্যাচের পর ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা ডি ব্রুইনেকে কিংবদন্তি বলেছেন। ২০১৫ তে ভলফসবুর্গ থেকে সিটিতে যোগ দেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনে। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৫২ গোলে অবদান তার। নিউক্যাসলের বিপক্ষে গোলটি ছিল সিটির হয়ে ৯৭তম। আর অ্যাসিস্ট ১৫৫টি। গার্দিওলা বলেন, 'কেভিন একজন কিংবদন্তি। তাকে আমাদের এখানের সব মানুষ পছন্দ করে। আশা করছি শেষ কয়েক মাসে সে (ডি ব্রুইনে) আমাদের সহায়তা করতে পারবে।'
ইনজুরি থেকে ফিরে মাঠে নামেন আগের ম্যাচেই। তবে শনিবার চেনা রূপে দেখা গেল ডি ব্রুইনকে। বেলজিয়ান এই মিডফিল্ডার বলেন, 'আমি খেলাটা মিস করছিলাম। আমি কঠিন পরিশ্রম করেছি মাঠে ফিরতে। আর এই মাঠে ফেরা, এই পরিবেশ দারুণ। আমি জানতাম ২০-২৫ মিনিট ভালো কিছু করতে পারবো। এর চেয়ে ভালো হতে পারতো না।'
