অস্ত্র মামলায় সাহেদের খালাসের রায় চেম্বারে স্থগিত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম

অস্ত্র আইনের মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত হয়েছে।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের  বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি। আসামি সাহেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শাহ মঞ্জুরুল হক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সারওয়ার হোসেন বাপ্পি দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী ২১ এপ্রিল পর্যন্ত হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার আদালত। এসময়ের মধ্যে আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করব।’

সাজার রায়ের বিরুদ্ধে সাহেদের করা আপিল মঞ্জুর করে গত বৃহস্পতিবার তার সাজা বাতিল করে খালাসের রায় দেয় বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

প্রতারণার মাধ্যমে করোনাভাইরাসের ভুয়া সনদ দেওয়ার অভিযোগ নিয়ে ২০২০ সালের ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত উত্তরায় রিজেন্ট হাসপাতালের প্রধান শাখায় অভিযান চালায়। পরদিন সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় প্রতারণার মামলা হয়। ৭ জুলাই রিজেন্ট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশনা আসে। পরে ১৫ জুলাই সাতক্ষীরার একটি সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২৮ সেপ্টেম্বর অস্ত্র মামলায় সাহেদকে সংশ্লিষ্ট আইনের পৃথক দুটি ধারায় যাবজ্জীবন ও সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

এ মামলায় জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে ২০২২ সালের ৭ জুন হাইকোর্টের একটি বেঞ্চ সাহেদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। পরে জামিনের এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে সাহেদের জামিন স্থগিত হয়ে যায়। অস্ত্র মামলা ছাড়াও সাহেদের বিরুদ্ধে প্রতারণা, দুর্নীতি, অর্থপাচার, ব্যাংক ঋণের টাকা আত্মসাতের অভিযোগে বেশকিছু মামলা রয়েছে। এর মধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গত বছরের ২১ আগস্ট সাহেদকে তিন বছর কারাদণ্ডাদেশ ও ১ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৭।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত