জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত ছয়টি হলের মধ্যে চালু না হওয়া চারটি হল দ্রুত খুলে দেওয়া এবং অবিলম্বে স্নাতক (সম্মান) শ্রেণির ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২ ব্যাচ) সশরীরে ক্লাস শুরু করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী জাবি শাখার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা প্রদক্ষিণ করে।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি শাখার সংগঠক সজিব আহামেদ বলেন, ‘যে কারণ দেখিয়ে অনলাইন ক্লাস নেয় তা আসলে হাস্যকর। ফলে ৫২ ব্যাচের শিক্ষার্থীরা অত্যন্ত বিরক্ত অনলাইনে ক্লাস করে। তারা অনলাইন ক্লাস বর্জন করেছে। আমরা সশরীরে ক্লাস নেওয়ার দাবিতে আজকে একত্রিত হয়েছি। নতুন ব্যাচের ভর্তি পরীক্ষার আগেই তাদের হলে আসন বরাদ্দসহ সশরীরে ক্লাস শুরু করতে হবে।’
বিপ্লবী ছাত্রমৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমুরি বলেন, ‘যেখানে ৫০, ৫১ ও ৫২ ব্যাচের সিটই তারা নিশ্চিত করতে পারেনি। সেখানে ৫৩ ব্যাচের ভর্তি পরীক্ষা দেওয়া বিলাসিতা। ৫২ ব্যাচকে যেমন অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে, তেমনি ভর্তি পরীক্ষার পরে ৫৩ ব্যাচকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে এই প্রশাসন। প্রশাসনের এই টালবাহানা বন্ধ করে দ্রুত হলগুলো চালুর দাবি জানাচ্ছি।’
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের কোষাধ্যক্ষ ওমর স্বাধীন বলেন, ‘৫২ ব্যাচের ক্লাস শুরু না করে ৫৩ ব্যাচের ক্লাস চাই না।’
