দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম

বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. শাকিল সরদার (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ফকিরহাট উপজেলা থেকে অভিযান চালিয়ে পুলিশ শাকিলকে গ্রেপ্তার করে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. রাসেলুর রহমান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার রাতে ধর্ষণের শিকার এক তরুণী ফকিরহাট থানায় শাকিল সরদার ও মেহেদী হাসানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয় শাকিলকে।

তার সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শাকিল সরদার ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ধর্ষণের অভিযোগ ওঠায় তাকে ছাত্রলীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সংগঠনটি।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. রাসেলুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ধর্ষণের কথা স্বীকার করেছেন। ধর্ষণের শিকার দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন বলেন, মো. শাকিল সরদার ওরফে ফেরদাউস ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদে ছিলেন। সংগঠন বর্হিভূত ও অসামাজিক কার্যক্রমে লিপ্ত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত