সারা দেশে বিসিকের অব্যবহৃত প্লটগুলো শিল্পকারখানা স্থাপন ও বিনিয়োগে এগিয়ে আসার জন্য এসএমই উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। কেউ প্লট চাইলে শিল্প মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা গতকাল সোমবার শিল্পমন্ত্রীর সঙ্গে শিল্প ভবনে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বিদ্যমান বৈশি^ক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার বিষয়টি মোকাবিলায় আমাদের অভ্যন্তরীণ সম্পদের সুষম ব্যবহার নিশ্চিতকল্পে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি যথাযথ বাস্তবায়ন একান্ত অপরিহার্য। সারা দেশে বিসিকের অব্যবহৃত প্লটগুলোতে শিল্পকারখানা স্থাপন ও বিনিয়োগে এগিয়ে আসার জন্য তিনি বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান এবং শিল্প মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দেশের এসএমই উদ্যোক্তাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ, নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। শিল্পমন্ত্রী আগামী রমজানে বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতার আহ্বান জানান।
