রূপগঞ্জে শীতার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের নাওড়া হাজি ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন, সিনিয়র জেনারেল ম্যানেজার আবু হেনা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

ইমদাদুল হক মিলন বলেন, আমরা এখানে ব্যবসা করার জন্য আসিনি। আমরা এসেছি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য। আপনাদের ভালো রাখার জন্য। আমরা জায়গা দখল করার জন্য আসিনি। বসুন্ধরা গ্রুপ কারও জায়গা দখল করে না। প্রকৃত দাম দিয়ে কিনে নেয় তাও যদি কেউ বিক্রি করতে চায় তবে। এখানে জোরাজুরির কিছু নেই। বসুন্ধরা গ্রুপ মানুষ ঠকানোর কাজ করে না। এটা আপনাদের জোর গলায় বলে গেলাম। বসুন্ধরা গ্রুপ এই এলাকার মানুষদের ভালো রাখতে চায়। বসুন্ধরা গ্রুপ যে শুধু আজকে এই এলাকায় কম্বল বিতরণ করছে এমন নয়, আজকের দিনে রংপুরে ২৫ হাজার, কুষ্টিয়ায় ১০ হাজার এবং সারা দেশে যেখানেই মানুষের কষ্ট হচ্ছে সেখানে ২ লাখ কম্বল বিতরণ করা হচ্ছে।

ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা মানুষের কল্যাণে কাজ করে, মানুষের ভালোর জন্য কাজ করে। অতীতে এই এলাকায় বসুন্ধরার নাম ভাঙিয়ে অনেকে অনেক কিছু করে গেছে। আপনারা যেকোনো বিষয়ে সরাসরি বসুন্ধরার সঙ্গে যোগাযোগ করবেন। বসুন্ধরায় কোনো মাঝের লোক নেই। সরাসরি বসুন্ধরার চেয়ারম্যান, আমরা যারা আছি তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সারা দেশের অসহায় মানুষের মতো আপনাদের পাশেও আছি। আমরা সারা দেশে ৫০টি স্কুল করেছি যেখানে গরিব শিক্ষার্থীরা পড়ে। তাদের জামাকাপড়, বই-খাতা সব দিই। আমরা ৫০টির বেশি ট্রেনিং সেন্টার করেছি যেখানে অনেক নারী সেলাই শেখেন। প্রশিক্ষণ পাওয়ার পর প্রত্যেক নারীকে একটা করে সেলাই মেশিন উপহার দিই, যা দিয়ে তারা সচ্ছল হওয়ার চেষ্টা করে। আমরা বাঞ্ছারামপুর এলাকায় প্রায় ৭০ হাজার অসহায় নারীকে বিনাসুদে ঋণ দিয়ে স্বাবলম্বী করেছি।

তিনি আরও বলেন, আপনাদের যেকোনো অসুবিধায় আপনারা সরাসরি আমাদের বসুন্ধরায় চলে যাবেন। আপনাদের টাকার অভাবে চিকিৎসা করাতে না পারলে, ছেলেমেয়েরা পড়তে না পারলে আমাদের কাছে আসুন, পড়াশোনার দায়িত্ব আমরা নেব।

কম্বল বিতরণ অনুষ্ঠানের শুরুতে নাওড়া হাজি ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ ভূঁইয়া বলেন, কঠিন শীতের সময় কম্বল বিতরণ বসুন্ধরা গ্রুপের সঠিক সিদ্ধান্ত। কিছু মানুষ বসুন্ধরার নামে জায়গা দখল করছে। নামটাও সবার জানা। এই পক্ষ এতদিন বসুন্ধরার ত্রাণ নিজের নামে চালিয়েছে। এখন আর সেই সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত