‘নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে’

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ পিএম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনে প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে অনেক ক্ষেত্রে ভোটারদের নিরুৎসাহিত করেছে। যারা ভোট নিচ্ছিলেন তাদের অনেককে আমি প্রশ্ন করেছি, আপনারা লোকজনকে ভোট দিতে দিচ্ছেন না কেন? তারা উত্তরে বলেছে, ছবির সঙ্গে ভোটারের চেহারা মিলছে না। ২০ বছর আগের ছবির সঙ্গে এখনকার চেহারার মিল না-ই থাকতে পারে, কিন্তু সেটিও তারা খতিয়ে দেখেছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে রাশেদ খান মেনন এসব কথা বলেন। 

মেনন বলেন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনে খুনাখুনির পর্যায়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি। বিএনপি-জামায়াত মাটিতে শুয়ে পড়ে গিয়ে বলেছে, আমরা পড়িনি। তারা জনগণের কাছে পরাজিত হয়েছে।

তিনি আরও বলেন, প্রকৃত অর্থে একটা সফল নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ ফরম দি আউটসাইড, যেটা প্রধানমন্ত্রীও বলেছেন। আমি বহু আগে বলেছি তাদের (পশ্চিমাদের) ওই হস্তক্ষেপ কখনওই নির্বাচনকে অবাধ করার জন্য ছিল না, রেজিম চেঞ্জ করাই ছিল তাদের লক্ষ্য। এখনও তাদের লক্ষ্য রেজিম চেঞ্জ। এ লক্ষ্য নিয়ে তারা এগিয়েছিল, কিন্তু দে ফেইল্ড। বাংলাদেশের মানুষ তাদের সঠিক জবাব দিয়েছে। আর ইন্টারনালি বিএনপি-জামায়াত মাটিতে শুয়ে পড়ে বলছে, আমরা মাটিতে পড়িনি। এটা তো হয় না, তারা অক্ষমের প্রলাপ করছে। তারা জনগণের কাছে পরাজিত হয়েছে।

বরিশাল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন জানিয়ে মেনন আরও বলেন, বরিশাল সম্পর্কে তার সংবেদনশীলতা রয়েছে। প্রধানমন্ত্রী বরিশালের বক্তৃতায়ও সেটা বলেছেন। তবে একটা অসুবিধা হয়ে গেছে, অর্থনৈতিক সংকটের কারণে আর্থিক যে অনটনটা সৃষ্টি হয়েছে, অনেক প্রকল্প ধীরগতিতে যাবে, শ্লথ গতিতে যাবে।

তিনি বলেন, আমার নির্বাচনি এলাকা বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে একটি সেতু হলে খুলনার সঙ্গে ৩০ কিলোমিটার পথ কমে যাবে। অলরেডি অনেক কাজ এগিয়ে রয়েছে।

এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরণ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসবক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম চুন্নু উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত