প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে রুল খারিজ করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। গত সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আট পৃষ্ঠার এই রায় প্রকাশ হয়। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন খারিজের রায়ে বলেছে, ‘মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশের অভিযোগগুলো সত্যিই অত্যন্ত গুরুতর। প্রধান বিচারপতি প্রজাতন্ত্রের তিনটি অঙ্গের একটির প্রধান এবং এ ধরনের হামলার অভিযোগ রাষ্ট্রদ্রোহের শামিল হতে পারে ।’
গত ১০ জানুয়ারি এ রায় দেয় হাইকোর্ট।
পূর্ণাঙ্গ রায়ে মির্জা ফখরুলের বিষয়ে হাইকোর্ট বলে, ‘আমরা বিচার বিভাগীয় নোটিশ দিই যে, অভিযুক্ত আবেদনকারী দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন, যাকে তিনি জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলন দাবি করে আসছেন। দুর্ভাগ্যবশত, বিগত কয়েক মাসে দেখা গেছে যে, তথাকথিত ওই ভোটাধিকারের জন্য দেশে নৈরাজ্য সৃষ্টি করে প্রাণহানি, অগ্নিসংযোগ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সরকারি ও বেসরকারি পরিবহনে হামলা চালিয়েছে। যা কার্যত দেশকে আতঙ্কের অবস্থায় নিয়ে এসেছে। প্রকৃতপক্ষে দেশ এবং এর জনগণকে জাহান্নামে ছেড়ে দেওয়া হয়েছে।’
আদালত বলে, ‘দরখাস্তকারী (মির্জা ফখরুল) মাস্টারমাইন্ড কিনা বা বিপর্যয়কর, অনিয়ন্ত্রিত ঘটনায় তার কোনো ভূমিকা ছিল কিনা তা সুষ্ঠু তদন্তের পরেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, তবে তদন্তে ন্যায্যতা নিশ্চিত করার জন্য, আমরা মনে করি যে তাকে জামিনে মুক্তি দেওয়া অনুকূল হবে না।’
