চায়ের রাজ্য খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বুধবারও মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘন কুয়াশা দেখা যায়। এর আগে গতকাল মঙ্গলবারও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এদিকে তীব্র শীত থাকায় এ অঞ্চলের মানুষজন ঘরের বাইরে কম বের হচ্ছেন। সকাল ১০টা পর্যন্ত রাস্তাঘাট ছিল ফাঁকা। শ্রমিকেরাও দেরি করে ঘরের বাইরে বের হচ্ছেন।
সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন শহরের রিকশা ও ভ্যান চালকেরা। শীত উপেক্ষা করে ঘরে বাইরে বের হলেও তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না। ফলে শীতের মধ্যে তাদের উপার্জন কমে গেছে।
মৌলভীবাজার জেলা শহর ও শহরের বাইরের এলাকাগুলোতে সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম এবং চা বাগানে বেশ ঠাণ্ডা অনুভূত হয়। ঠাণ্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা। বিশেষ করে চা-বাগানগুলোতে তীব্র শীত উপেক্ষা করেও সকালে চা-শ্রমিকদের জীবিকার তাগিদে বের হতে দেখা গেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিপ্লব দাশ বলেন, ‘আজ শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ অঞ্চলে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। তাপমাত্রা কম থাকলেও গতকাল মঙ্গলবার সকাল থেকে সূর্যের দেখা পাওয়া গিয়েছিল।’
