এবার ইমরান খানের বিয়েকেও ‘অবৈধ’ বলা হচ্ছে! 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৩:০০ পিএম

পাকিস্তানে নির্বাচন যত এগিয়ে আসছে ইমরান খানের বিরুদ্ধে মামলা ততোই বাড়ছে। এবার ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে ‘বেআইনি’ বিয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি বিচারিক আদালত মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইমরান খান ও তার স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত ইসলামি আইন ‘ইদ্দত’ পালনবিষয়ক অভিযোগে অভিযুক্ত করেছে।  

শরিয়া আইন অনুসারে, স্ত্রীর তালাক হলে বা তার স্বামীর মৃত্যু হলে যে নির্দিষ্ট সময় পর্যন্ত ওই নারীকে শোক পালন এবং অন্যত্র বিয়ে করা থেকে বিরত থাকতে হয়; সেই সময়কালকে ‘ইদ্দত’ বলা হয়।

মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিশেষ ব্যবস্থায় কারাবন্দী ইমরান খানকে উপস্থিত রেখে এই মামলার অভিযোগ গঠন করেন বিচারক। তবে স্বাস্থ্যগত কারণে বুশরা বিবি উপস্থিত ছিলেন না।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকা বুশরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রায় ছয় বছরে পেরিয়ে যাওয়া পর সম্প্রতি ইমরান খান ও বুশরার বিরুদ্ধে মামলা করেছেন।

তার অভিযোগ, বুশরা বিবি ইদ্দত পালন করেননি এবং ইদ্দত পালন না করে বিয়ে করার মাধ্যমে তারা ‘ব্যভিচার’ করেছেন।

এপির প্রতিবেদন অনুযায়ী, খাওয়ার মানেকার সঙ্গে বুশরা বিবির ২০১৭ সালে তালাক হয়। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে ইমরান বিয়ের কথা জানান এবং ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন। কিন্তু বুশরা বিবি দাবি করেছেন মানেকার সঙ্গে তার তালাক হয় ২০১৭ সালের আগস্টে। সেই হিসেবে তিনি বিধি লঙ্ঘন করেননি।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত