চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে দীর্ঘদিনের সেশনজট, শিক্ষকস্বল্পতা ও ধারাবাহিকভাবে অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় আন্দোলনে নেমেছেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় কাফনের কাপড় পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভাগের বিভিন্ন অসংগতি নিয়ে ফেস্টুন তুলে ধরেন।
সাধারণ শিক্ষার্থীদের দাবি, অতিসত্বর বিভাগে শিক্ষক নিয়োগ দিতে হবে, সেশনজট নিরসনে স্থায়ী সমাধান দিতে হবে, অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করে বিভাগের নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।
শিক্ষার্থী শরীফ আব্দুল্লাহ বলেন, আমাদের বিভাগের সেশনজট দীর্ঘদিনের। আমরা বারবার প্রশাসনকে বহুবার জানিয়েছি। কিন্তু সবসময় মৌখিক আশ্বাস পেলেও আমরা কোনো সমাধান পাইনি। এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন, এই বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকে এখানে বেশকিছু জটিলতা ছিল। তাছাড়া এখানে শিক্ষক নিয়োগ নিয়েও কিছুটা জটিলতা আছে।
চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমরা বিভাগটির সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার করার চেষ্টা করছি।
