তিন দিন তাপমাত্রা বাড়লেও ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। হিমালয়ের পাদদেশের এই জেলায় বৃহস্পতিবার সকাল থেকে দেখা মিলেছে সূর্যের। বৃহস্পতিবার সকাল ৯ টায় দিনাজপুর আবহাওয়া অফিসের জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। যা আজ দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ১৩ ও ১৪ জানুয়ারি এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও সকাল থেকে রোদের দেখা মিলছে। সকাল থেকেই শীতার্তরা রোদের উষ্ণ ছোঁয়া নিচ্ছেন।
এদিকে গত কয়েকদিনে ঘন কুয়াশার প্রভাব পড়েছে ফসলের ক্ষেতে। ঘন কুয়াশার কারণে বিভিন্ন রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছে আলুর ক্ষেত ও ধানের চারা।
দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে এই জেলার উপরে দুটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে। দু'একদিনের মধ্যে বৃষ্টির আভাস রয়েছে। এ ধরনের আবহাওয়া আগামী কয়েক দিন থাকতে পারে।