বিমান ধরার শঙ্কা কাটিয়ে মেলবোর্নেই রইলেন সোয়ানতেক

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০১:১৯ পিএম

নারী টেনিসের শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সোয়ানতেক। গত বছর ফ্রেঞ্চ ওপেন ও এটিপি ট্যুর ফাইনাল জিতে ওঠেন র‌্যাংকিংয়ের শীর্ষে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রায় হোঁচট খেতে বসেছিলেন আজ। অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক ফাইনালিস্ট ড্যানিয়েল কলিন্সের কাছে ম্যাচ নির্ধারণী শেষ সেটে ১-৪ গেমে পিছিয়ে পড়েও ফিরে এসে রুদ্ধশ্বাস জয় তুলে নেন ইগা।

রড লেভার অ্যারেনার আউটডোরে হওয়া এ ম্যাচে বৃষ্টি হানা দিলে ইনডোরে ম্যাচ সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। প্রথম সেটটি ৬-৪ গেমে জিতলেও দ্বিতীয় সেটে ৩-৬ গেমে হেরে যান ইগা। এর আগে একবার সেমিফাইনালে কলিন্সের কাছে হেরেছিলেন ইগা। শেষ সেটে ৪-১ গেমে এগিয়ে যাওয়ার পর নিজের ওপর নিয়ন্ত্রণ হারান কলিন্স। ওই অবস্থায় খেলায় ফিরে আসেন ইগা।

চার গ্র্যান্ড স্ল্যামজয়ী ইগা ম্যাচতো জেতেনই, টানা ম্যাচ জেতার ধারা বাড়িয়ে নিয়ে যান ১৮ নম্বরে। ম্যাচ শেষে বলেন, ‘আমিতো ভেবেছিলাম এয়ারপোর্টে পৌঁছে গেছি। তবে আমি শেষ পর্যন্ত লড়ে যেতে চেয়েছিলাম। আমি জানি সে দারুণ খেলছিল, তবে এই পর্যায়ে এসে খেলার তাল ধরে রাখা কঠিন। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। নিজের ওপরই গর্ব  লাগছে। ম্যাচটি মোটেও সহজ ছিল না।’

৫০তম বাছাই চেক প্রজাতন্ত্রের লিন্ডা নসকোভার সঙ্গে তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন ইগা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত