টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের ২৭ দেশের এই জোট।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নূরে এলাহী মিনা বৈঠক সম্পর্কে জানান, সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেছেন, গ্লোবাল গেটওয়ে সুবিধার আওতায় পরিবেশ, সুশাসন, নবায়নযোগ্য জ¦ালানি এবং পরিবহনসহ বিভিন্ন খাতে বাংলাদেশ বর্তমানে যে বিদ্যমান সুবিধা পাচ্ছে, তা আগামী দিনে আরও বাড়ানো হবে। এই লক্ষ্যে সম্প্রতি প্রতিশ্রুতি ইইউরবেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরাম সম্মেলনে ইইউ বাংলাদেশকে ৪০৭ মিলিয়ন ইউরো দিয়েছে।
ইইউ রাষ্ট্রদূত ইবিএ (অস্ত্র ছাড়া সবকিছু) সুবিধার আওতায় বাংলাদেশকে দেওয়া সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
চার্লস হোয়াইটলি প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে শেখ হাসিনা সরকারের গৃহীত উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ৫০ বছরের সুসম্পর্কের বিষয়ে তার সন্তুষ্টি প্রকাশ করেছেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।
প্রধানমন্ত্রী ইবিএর অধীনে অব্যাহত সমর্থনের জন্য ইইউকে ধন্যবাদ জানান এবং গ্লোবাল গেটওয়ে কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ¦ালানিসহ বিভিন্ন খাতে অনেক সহযোগিতা কামনা করেন।
এ সময় অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
