পাটুরিয়ায় ফেরি ডুবি

অবশেষে পৌঁছাল উদ্ধারকারী জাহাজ প্রত্যয় 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০২:৫৫ পিএম

পাটুরিয়ায় ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার দুইদিন পর শুক্রবার দুপুর ২টার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে ফেরি উদ্ধার করতে আরও কিছু সময় লাগবে। প্রত্যয় আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিট এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। 

ডুবে যাওয়া ট্রাকের চালক ও মালিকরা ক্ষোভ জানিয়ে দেশ রূপান্তরকে বলেন, তৃতীয় দিনের দুপুর পর্যন্ত নামকা ওয়াস্তে চলেছে উদ্ধার তৎপরতা। বুধবার দুটি ট্রাক ও বৃহস্পতিবার মাত্র ১টি ট্রাক উদ্ধার করা হয়েছে। ৩ দিন কি অর্জন করল বুজতে পারছি না। এই তিন দিনে তারা কী অর্জন করেছে তা বুঝতে পারছি না। 

মুজিবল হক নামের এক ভুট্টা ব্যবসায়ী বলেন, কী করবো তা বুঝতে পারছি না। আমার দুই ট্রাকে ভুট্টা ছিল। ৩ দিনে নিশ্চয়ই তা পচে গেছে। তারপরও তো হদিস পাচ্ছি না।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, আমরা এ পর্যন্ত ৩টি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকী ৬টি ট্রাক শনাক্ত করতে পারিনি। 

বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, নৌ বাহিনীর, ফায়ার সার্ভিসের ও বিআইডব্লিউটিসির ডুবুরী দল একসঙ্গে কাজ করছে। নিখোঁজ হুমায়ূন কবিরকে আমরা শুক্রবার দুপুর ২টা পর্যন্ত খুঁজে পাইনি।

বিআইডব্লিট এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন,  শুক্রবার সকাল থেকে আমরা ডুবন্ত ফেরির বিভিন্ন স্থানে রশি দিয়ে বাঁধার কাজ করছি। ফেরির ভেতরে ১০টি এয়ার লিফটিং ব্যাগ ঢুকানো হয়েছে। এখন ওই ব্যাগে বাতাস দেওয়া হচ্ছে। এতে আস্তে আস্তে ফেরিটি উপরের দিকে উঠবে।

তিনি আরও বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়া ঘাটে এসে পৌঁছেছে। এখন পজিশন নিয়ে ফেরি উঠানোর কাজ শুরু হবে।

প্রসঙ্গত, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নাম্বার ফেরিঘাটের কাছে ৯টি ট্রাক নিয়ে ফেরি রজনীগন্ধা ডুবে যায়। এসময় ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে ফেরিটির ২য় ইঞ্জিন চালক হুমায়ন কবির। এরপর ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তুম। তবে তিনদিনে মাত্র ৩টি ট্রাক উদ্ধার করা গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত