নারীর এগিয়ে আসা মানে পুরুষের পিছিয়ে পড়া। নারীর এগিয়ে যাওয়া মানে নারী-পুরুষ সকলে মিলে সমাজের এগিয়ে যাওয়া বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
তিনি আজ দুপুরে উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নারীদের অগ্রযাত্রা অনস্বীকার্য। বাংলাদেশে এখন এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারী নেই। বহু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখন নারীরা অবস্থান করছে। তারপরও আমাদের আরও অনেক দূর যেতে হবে। নারী-পুরুষ সকলকে সেই লক্ষ্যে পৌঁছাতে কাজ করতে হবে।
দীপু মনি বলেন, সমাজে এখনো প্রান্তিক মানুষ আছে। ভৌগোলিক অবস্থান, সাম্প্রদায়সহ নানা কারণে প্রান্তিকতা আছে। এই প্রান্তিকতা দূর করার জন্যই বঙ্গবন্ধু বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন। সামাজিক, আর্থিক ও ধর্মীয়সহ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রান্তিকতা দূর করে মানুষকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসা হবে।
চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী এই মেলায় নারীদের তৈরি হ্যান্ডিক্রাফট, খাবার, খেলনাসহ প্রায় ৪০টি স্টল রয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর উওমেন চেম্বার অব কমার্সের সভাপতি মনিরা আক্তারসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
