বড়দের নষ্ট করা খেলার মাঠ পরিষ্কার করছে শিশুরা!

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে বাণিজ্যমেলা হওয়ায় গত ৪ মাস ধরে খেলাধুলা বন্ধ রয়েছে। মেলা কর্তৃপক্ষ মাঠ পরিষ্কারের জন্য অর্থ বরাদ্দ করলেও তার কোনও হদিস নেই। শুক্রবার সকাল থেকে স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে খেলার মাঠের খোয়া ও ময়লা পরিষ্কার করা হয়েছে।

শিক্ষার্থী রুবি জানায়, স্যার আমাদের বলায় শুক্রবার ছুটির দিনে খেলার মাঠটি পরিষ্কার করছি।

স্থানীয় সবুজ শেখ বলেন, এ মাঠে প্রতিদিন খেলা হতো। ৪ মাস পূর্বে এ মাঠে বাণিজ্য মেলা হয়। মেলা শুরুর পর থেকে এ মাঠে খেলাধুলা বন্ধ হয়ে যায়। মাঠটি সংস্কার না করায় এখন স্থানীয়রাই করতে বাধ্য হচ্ছেন।

স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমিন মিয়া বলেন, এ মাঠটি আমরা ব্যবহার করি। শুক্রবার এ কারণে আমাদের স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার করছি। যারা মাঠটি পরিষ্কার করছে তারা এলাকার ছেলে-মেয়ে। খেলাধুলা থেকে বঞ্চিত হওয়ায় ও তারা ক্লাব স্কাউটের ছেলে-মেয়ে তাই তারা কাজ করছে। 

স্বাবলম্বী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, এই খেলার মাঠে মেলা হয়। মেলার পর থেকেই এ মাঠে খেলাধুলা বন্ধ। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারের সহযোগিতায় মাঠটি খেলার উপযোগী করা হচ্ছে। স্কুলের শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিষ্কার করা হচ্ছে। তবে মেলা কমিটির অর্থ বরাদ্দের বিষয়টি জানা নেই।

ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী শহিদুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা সংসদ বালিয়াকান্দির আয়োজনে এ মাঠে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। মেলা শেষ হওয়ার ৪ মাস অতিবাহিত হলেও খেলার পরিবেশ না থাকার কারণে এলাকার লোকজন ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় মাঠটি সংস্কার করা হয়। শুনেছি মেলা কমিটি কিছু টাকা দিয়েছিল, কার কাছে দিয়েছে, জানি না। আজকাল করে ঘোরাতে থাকে। এ কারণে স্বাবলম্বী স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে খেলার উপযোগী করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত