শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নতুন শিক্ষা কারিকুলামের সমালোচনা হলেও এর বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। তবে আমাদের চ্যালেঞ্জটা একটু কমপ্লেক্স। সরকারে থাকলে চ্যালেঞ্জ একটু কমপ্লেক্স হয়, কিছু সমালোচনাও হয়।
আজ শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা, অপপ্রচার ও চ্যালেঞ্জ মোকাবিলায় তার করণীয় জানতে চাইলে তিনি বলেন, আমাদের যে সিদ্ধান্তগুলো শিক্ষাবিদদের সাথে, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে নেওয়া হয়েছে, শুধুমাত্র সমালোচিত হব এই ভয়ে যে সিদ্ধান্ত যথার্থ এবং সঠিক সেটা নেব না, তা হতে দেওয়া যায় না। দৃঢ়ভাবে কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের অবশ্যই করতে হবে। এটার কোনো বিকল্প নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে আমি রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আছি। আমাদের বিশেষজ্ঞ ব্যক্তিরা তারা তাদের জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষা পরিবারকে এগিয়ে নিয়ে যেতে হবে।
নতুন কারিকুলাম নিয়ে সমালোচনা ও গুজব সামাজিক মাধ্যমে প্রচার হলেও পজিটিভ কিছু প্রচার হচ্ছে না সাংবাদিকের এমন কথার জবাবে মন্ত্রী বলেন, নেগেটিভ জিনিস ভাইরাল হয় বেশি। নিবন্ধিত, আইনত ও স্বীকৃত গণমাধ্যম সেটা আপনারা যেভাবে অনুসন্ধান করে একটি তথ্য দেন সেভাবে কিন্তু সাধারণ মানুষ বা যারা অপপ্রচার করে বা আমরা যারা ব্যবহার করি তারা দেই না। নেগেটিভ প্রচারণার প্রতি আমাদের দৃষ্টি বেশি থাকে। অজান্তে আমরা এসব প্রচারণায় জড়িয়ে পড়ি। সেটা মোকাবিলা করা সারা বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ।
শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতার দম্ভ, অহংকার- এ ধরনের কাজে আমি বিশ্বাস করি না। আমার বাবা চট্টলাবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী সাড়ে ১৬ বছর চট্টগ্রামের মেয়র ছিলেন। আমি দেখেছি কিভাবে তিনি জনসেবা দিয়েছেন। প্রতিমন্ত্রীর মর্যাদায় তিনি ছিলেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বের সাথে তার রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। রাজনৈতিক ক্ষমতা, আমি যেহেতু শৈশব থেকে দেখে এসেছি সেগুলোর প্রতি তাই আমার কোনো লোভ লালসা নেই।
সবার সঙ্গে আলোচনা করেই করণীয় নির্ধারণ করবেন জানিয়ে নওফেল বলেন, আমাদের নেতৃবৃন্দ এখানে যারা আছেন। যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ এবং প্রগতিশীল অন্যান্য রাজনৈতিক দলে সমূহের যারা আছেন, তাদের সবার সাথে আলোচনা করে একটা ইকোনমিক ইকো-সিস্টেম আমরা যাতে করতে পারি বলেও জানান তিনি।
