শ্বশুরবাড়ির আম গাছে ঝুলছিল গণপূর্ত কর্মকর্তার লাশ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:০৫ পিএম

নেত্রকোণা সদর উপজেলায় শ্বশুরবাড়ির আম গাছ থেকে দেলোয়ার হোসেন (৪৭) নামে এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চল্লিশা ইউনিয়নের বামনমোহা গ্রামের শ্বশুরবাড়ির পুকুর পাড়ের আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দেলোয়ার হোসেন সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের কাওয়ালিকোনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি এক মাস আগে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হন। এর আগে নেত্রকোনা জেলা গণপূর্ত কার্যালয়ে (সাঁটলিপি) মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গণপূর্তের পিএ পদে পদোন্নতির পর দেলোয়ার হোসেন ঢাকা বদলি হয়। এরপর স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকা চলে যান। এর কিছু দিন পর স্ত্রী সন্তানদের শ্বশুরবাড়িতে রেখে যান। এতদিন দেলোয়ার একাই ঢাকা ছিলেন। কাউকে না জানিয়ে তিনি বৃহস্পতিবার রাতে কোনো এক সময় শ্বশুরবাড়িতে আসেন। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে প্রতিবেশীরা আম গাছে দেলোয়ারকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকারে স্ত্রীসহ বাড়ির লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

দেলোয়ারের স্ত্রী কবিতা আক্তার বলেন, বৃহস্পতিবার রাতে বাড়িতে কখন এসে এই ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না। সকালে লোকজনের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম জানান, বামনমোহা গ্রাম থেকে দেলোয়ার নামে একজন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত