‘স্বাধীন ফিলিস্তিন’ রাষ্ট্র ফের নাকচ নেতানিয়াহুর

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৬:১৩ এএম

গাজা যুদ্ধের পর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কোনো পদক্ষেপে সমর্থন করবেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লিকুদ পার্টির এই নেতা জানান, এ নিয়ে তার অবস্থানের কথা তিনি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি গাজায় সেনা অভিযান অব্যাহত রাখার কথাও ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় ‘পরিপূর্ণ বিজয় অর্জন’ না হওয়া পর্যন্ত ইসরায়েল উপত্যকায় সামরিক অভিযানের ইতি টানবে না। গাজায় ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, ‘সন্ত্রাসী’ হামাসকে ধ্বংস করা। সেই সঙ্গে হামাসের হাতে থাকা সব জিম্মিকে পুনরুদ্ধার করা তার সরকারের লক্ষ্য। অভিযানটি শেষ করতে আরও কয়েক মাস লাগবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ তুলে ধরে নেতানিয়াহু বলেন, ‘কী-ই বা করার রয়েছে! আমেরিকান বন্ধুদের উদ্দেশে আমি এই প্রকৃত সত্যটিই বলেছি। ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্ষতিকর কিছু হবে এমন বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা আমি রুদ্ধ করে দিয়েছি।’ এর আগে গত মাসেও তিনি বলেছিলেন, ফিলিস্তিন রাষ্ট্রের সৃষ্টির বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি গর্বিত।

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা তিন মাসেরও বেশি সময় ধরে চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এরই মধ্যে উপত্যকার প্রায় ২৫ হাজার মানুষের প্রাণ গেছে। উপত্যকার ৮৫ শতাংশ মানুষ এখন বাস্তুচ্যুত।

সংঘাতের পর থেকে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দিচ্ছে। অর্থাৎ ইসরায়েলের পাশে আলাদা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। সম্প্রতি যুক্তরাষ্ট্র জোরালোভাবে এই প্রস্তাব তুলেছে।

নেতানিয়াহু আরও বলেন, ‘জর্ডান নদীর পশ্চিম তীরের সম্পূর্ণ ভূখণ্ডের নিরাপত্তা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় ইসরায়েল। এটি বেশ প্রয়োজনীয় শর্ত এবং তা সার্বভৌমত্বের ধারণার সঙ্গেই বেমানান।’ মূলত এই ভূখন্ডেই ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত