সাংবাদিক আমানুল্লাহ কবীরের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৬:৪২ এএম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ কবীরের পঞ্চম মৃত্যুবার্ষিকী জামালপুরের মেলান্দহ উপজেলায় পালিত হয়েছে।

গতকাল শুক্রবার সকালে সাংবাদিক আমানুল্লাহ কবীর ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া এলাকায় তার নিজ বাড়িতে মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ সময় আমানুল্লাহ কবীরের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক, মেলান্দহ উপজেলা প্রেস ক্লাব ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিসহ স্থানীয় গ্রামবাসী।

পরে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সিনিয়র সহসভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি মুখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন্য রুহানীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সহসভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, শাহজামাল, শেখ ফরিদ, সাকিব আল হাসান নাহিদ, ইমরান মাহমুদ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক আমানুল্লাহ কবীরের বড় ছেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাথিল কবীর প্রমুখ।

এ সময় বক্তারা সাংবাদিক আমানুল্লাহ কবীরের জীবনী তুলে ধরেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

সাংবাদিক আমানুল্লাহ কবীর ডায়াবেটিক ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ১৬ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের স্বনামধন্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত