বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ২৮০ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ঢাকার এই অবস্থান দেখা যায়। বাতাসের এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।
একইসময়ে ২৭৪, ২৩৯ স্কোর নিয়ে যথাক্রমে ভারতের কলকাতা, পাকিস্তানের করাচী দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছে ভারতের দুই শহর মুম্বাই ও দিল্লি। শহর দুটির বাতাদের স্কোর ২৩২ ও ২২৪।
বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
আইকিউএয়ারের আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। বাতাসের এ অবস্থায় বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।
