মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে দিয়ে কীভাবে যাবেন বাণিজ্য মেলায়

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১:৩১ পিএম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য এবছর প্রথম ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের সুবিধা নিয়ে মতিঝিল ও উত্তরার দর্শনার্থীরা সহজেই মেলা প্রাঙ্গণে যেতে পারবেন।  

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৪’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

আহসানুল ইসলাম বলেন, এবার মেলায় যাতায়াতের সুবিধার জন্য মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। যাতে উত্তরা, মতিঝিল রুট থেকে যারা মেলায় আসবেন তারা মেট্রোরেলে এসে ফার্মগেট থেকে বাসে এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা মেলায় চলে আসতে পারেন সেই সুবিধা রাখা হয়েছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যত বেশি দর্শনার্থী আসবে ততো বেশি লোকাল শিল্প উৎসাহিত হবে।

জানা গেছে, সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড হতে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি যাত্রীবাহী বাসের ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলা চলাকালীন এ বাস সার্ভিস চালু থাকবে। শুক্র ও শনিবার চাহিদা মতো গাড়ির ব্যবস্থা করা হবে৷ এছাড়া এবছরই প্রথম মেলার জন্য ফার্মগেট থেকে বাস ছাড়া হবে।  

মেলার প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা (প্রাপ্ত বয়স্ক) এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা তাদের কার্ড প্রদর্শন করে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলার টিকেট অনলাইনেও পাওয়া যাবে। এছাড়াও বিকাশের মাধ্যমে ডিসকাউন্টে টিকিট বিক্রয় করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত