সাকিবকে হারালেন তামিম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১২:৫৪ এএম

শনিবার ছুটির দিন, রোদও উঠেছে। শীতের আলস্য ভেঙে অনেকেই এসেছিলেন মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি সাকিব আল হাসানের রংপুর রাইডার্স আর তামিম ইকবালের ফরচুন বরিশাল। প্রেক্ষাপট, নিকট অতীত এবং দুই দলের শক্তি সামর্থ্য বিচারে উপভোগ্য একটা ম্যাচই হওয়ার কথা। চার ছক্কার ফুলঝুরি খুব একটা দেখা যায়নি, ম্যাচটা শেষ ওভারে গড়ালেও ছিল না খুব একটা অনিশ্চয়তার দোলাচল। ফরচুন বরিশাল ৫ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্সকে। ২৪ বলে ৩৫ রান করা তামিম জানান দিলেন, লম্বা সময় পর মাঠে ফিরে ছন্দটা ফিরে পাচ্ছেন। অন্যদিকে সাকিব ৩ বলে ২ রান করে খালেদ আহমেদের বলে যেভাবে বোল্ড হলেন, তাতে বোঝা যাচ্ছে চোখের সমস্যাটা সারেনি এখনো, যেটা ম্যাচশেষে বললেন অধিনায়ক নুরুল হাসানও।

ব্রেন্ডন কিংকে বোল্ড করে শুরুতেই রংপুরকে চাপে ফেলেছিলেন বরিশালের মোহাম্মদ ইমরান। খালেদের বলে রনি তালুকদার ইমরানের হাতে ক্যাচ দিয়েই বিদায় নেন ৫ রান করে। ১৪ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রংপুর তাকিয়ে ছিল সাকিবের দিকেই। কিন্তু সাকিব পারেননি প্রত্যাশার প্রতিদান দিতে। খালেদের একটি ভেতরে আসা ডেলিভারিতে আন্দাজের ওপর ব্যাট চালিয়ে বোল্ড হয়ে যান মাত্র ২ রান করার পর। সাদা চোখে দেখে মনে হচ্ছিল বল দেখতে খানিকটা অসুবিধাই হয়েছে সাকিবের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিব কিছুদিন আগে ইংল্যান্ডে চোখের ডাক্তার দেখিয়ে এসেছেন। তবে সমস্যাটা যে রয়ে গেছে সেটা জানালেন সোহান, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় উনি চোখের ওই জায়গা থেকে স্ট্রাগল করছে বেশ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবেন কোন পরিস্থিতিতে আছে। স্টিল যেটা বললাম স্ট্রাগল করছে।’

শুরুতে ধুঁকলেও নুরুল হাসান সোহানের ২৩, শামীম হোসেনের ৩৪ আর মেহেদী হাসান মিরাজের ২৯ রানে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩৪ রান। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বরিশালের পেসার খালেদ। ৩ ওভারে ১৩ রান দিয়ে জোড়া শিকার মেহেদী হাসান মিরাজের। বরিশালের হয়ে খেলতে এসেছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। শনিবার সকালেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন জীবনের নতুন ইনিংস শুরুর কথা, পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদ তার নতুন জীবনসঙ্গী। এর মাধ্যমেই টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জনের সত্যতাও পাওয়া গেল। মালিক কাল ১ ওভার হাত ঘুরিয়েই নিয়েছেন সোহানের উইকেট, অফস্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রংপুর অধিনায়ক।

১২০ বলে জেতার জন্য দরকার ১৩৫ রান, তামিমের কাছে যেটা ‘ট্রিকি’। ইব্রাহিম জাদরানকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন বরিশাল অধিনায়ক তামিম, নেতৃত্বের ভূমিকায় তাকে দেখা গেল প্রায় মাস ছয়েক পর। সেপ্টেম্বরের পরে ফিরলেন ক্রিকেটেও। প্রত্যাবর্তনে ২৪ বলে ৩৫ রানের ইনিংস, ৫টা বাউন্ডারি আর ১ ছক্কা। খুব বড় রান নয় তবে তামিম বললেন অস্বস্তি দূর হয়েছে, ‘ভালো তো অবশ্যই লাগবে তবে পুরো টুর্নামেন্ট কেমন খেলব সেটা তো এই ইনিংস ডিফাইন করবে না। ডিফাইন করবে যখন অন্য ধরনের চ্যালেঞ্জ আসবে তখন আমি কীভাবে সামলাই। তবে এটা ভালো শুরু, আমি খুশি।’ নিজের ইনিংস নিয়ে তামিমের মূল্যায়ন, ‘আমার ইনিংসটা যদি দেখেন, যে অবস্থায় ছিলাম তখন যদি বলে বলেও রান করতাম তাহলেও হয়তো আমরা দুই ওভার আগেই খেলাটা শেষ করতে পারতাম।’ যখন আউট হয়েছেন তখন দলের রান ৬৬, হাফ সেঞ্চুরিটা করতেই পারতেন তামিম, তাতে ফেরাটাও হতো মনে রাখার মতো। সেটা না হলেও তাই অতৃপ্তি নেই।

মুশফিকুর রহিমের ২৬, মাহমুদউল্লাহর ২০, মালিকের ১৭* ও মাহমুদউল্লাহর ১৯* রানে সহজেই জিতেছে বরিশাল। রাউন্ড রবিন পদ্ধতির এই আসরে অন্তত আরও একবার মুখোমুখি হবে দুই দল। তবে প্রথম দেখায় ম্যাচ জিতে এবং পারফরম্যান্সে এগিয়ে আছেন তামিমই। মাঠে সাকিবের সঙ্গে দেখা হলেও কথা হয়নি, জানিয়েছেন ম্যাচশেষে সংবাদ সম্মেলনে। তবে হাত মিলিয়েছেন সৌজন্য মেনেই, ‘না (কথা হয়নি)। আমি মনে করি এটা অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনারা সবাই সবকিছু জানেন, কেন একটা জিনিস নিয়ে বারবার গুঁতান? ওকে জিজ্ঞেস করুন, যদি কিছু জিজ্ঞেস করতে চান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত