মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমানকে সংবর্ধনা দিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেলে শহরের লাভলু সড়কে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহসভাপতি শ্যামল ব্যানার্জী, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহমুদা বেগম, ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ানসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতারা।
সংবর্ধনা অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান বলেন, ‘নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে নিরপেক্ষ নির্বাচন করে সবাইকে দেখিয়ে দিয়েছেন।’
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
